সময় সিলেট ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার কারণে বাসা ছাড়ার হুমকি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। একই সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তিও বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।
কাফি জানান, পুরুষ মানুষের আগাগোড়া পুরো জীবনটাই মনে হয় ত্যাগ-তিতিক্ষার জীবন। তিন বছর ধরে আমি একটা বাসার চিলেকোঠায় থাকতাম। কিন্তু এনসিপি করার কারণে বাসাটা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটা বাড়িতে অনেক মালিক থাকেন— দু-তিনটা পক্ষ নানাভাবে খুব ডিস্টার্ব করছে। তাদের ভেতরে একজন আবার সরকারি দলের উপরের কর্মকর্তা।
তিনি বলেন, ৩০০ টাকার স্ট্যাম্পে সাইন করে এক বছরের জন্য একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ ছিলাম—রোববার তারা ফোন দিয়ে বলল কন্টিনিউ করতে পারছে না। অর্থাৎ দুই দিনের রাজনীতিতে দুই ত্যাগ। আসলে সরকারি দলে থাকতে পারলে অনেক সুবিধা আছে, অনেক কিছু না চাইতে পাওয়া যায়। অনেক বাধা-বিপত্তি আসতে চাইলেও আসতে পারে না।
আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর আরও বলেন, আমার জীবনে অবশ্যই এটি বড় ধাক্কা, কিন্তু কনফিডেন্সের বিষয় আমি এর চেয়ে আরও অনেক বড় বড় ধাক্কা সামলে এসেছি।
ভিডিওর শেষে তিনি বলেন, ত্যাগ-তিতিক্ষা পুরুষের জীবনে থাকবে। আল্লাহ ভালো কিছু রেখেছেন হয়তো, ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।

অনলাইন ডেস্ক ।।
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ৫:৫১ অপরাহ্ণ