ঢাকা শনিবার ১১ এপ্রিল, ২০২৬

ঢাকা শনিবার ১১ এপ্রিল, ২০২৬

মাধবপুরে বালু ও খনিজ মাটি লুটের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত—আলফাজ

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ

আজিজুর রহমান জয় বিশেষ প্রতিবেদক

হবিগঞ্জ থেকে প্রকাশিত ০৯ এপ্রিল ২০২৬ ইং তারিখের দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকায় প্রকাশিত “এসিল্যান্ডের মদদে মাধবপুরে সিলিকা বালু ও খনিজ মাটি লুট বিএনপি নেতা আলফাজের নেতৃত্বে ‘সিন্ডিকেট’ স্থানীয়দের অভিযোগ” শিরোনামের সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, উক্ত সংবাদে তাকে জড়িয়ে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সংবাদটির শিরোনাম ও উপস্থাপনায় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, বিশেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলামের বিষয়ে পরোক্ষভাবে নেতিবাচক ধারণা সৃষ্টি করা হয়েছে, যা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের উপস্থাপনা প্রশাসনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

আলফাজ মিয়া বলেন, “আমি কোনো অবৈধ বালু বা খনিজ মাটি উত্তোলনের সঙ্গে জড়িত নই এবং আমার নেতৃত্বে কোনো সিন্ডিকেট পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান, সঠিক তথ্য যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ না করতে এবং দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখতে সাংবাদিকদের আহ্বান জানান।